সর্বশেষঃ

ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া ৭ লাখ ৩১ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ : আটক-৩

শরীফ হোসাইন : ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া ৭ লাখ ৩১ হাজার টাকা মূল্যের অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। শনিবার (৯ আগস্ট) ভোলা সদর উপজেলার পৌরসভার সার্কুলার রোড এলাকায় এবং বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে এ অবৈধ সিগারেট জব্দ করা হয়। এ সময় বোরহানউদ্দিনে অভিযান পরিচালনা করার সময় ৩ জনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে জব্দকৃত সিগারেটসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। এছাড়া ভোলা সদর উপজেলায় যে সিগারেট জব্দ করা হয়েছে সেগুলো নৌ-বাহিনীর তত্ত্বাবধান জব্দকৃত অবস্থায় রাখা হয়েছে। জব্দকৃত পণ্য ও আটককৃত ৩ জনের ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। সন্ধ্যায় নৌ-বাহিনীর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাংলাদেশ নৌ-বাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌ-বাহিনী এবং পুলিশ ভোলা সদরস্থ মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে সদর উপজেলার পৌর এলাকার সার্কুলার রোডে কল্যাণী ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজ কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়া জাল/নকল ব্যান্ডরোল সম্বলিত ব্ল্যাক কিং ১১,৩২০ শলাকা, ওসাকা ৮,৮৮০ শলাকা, টি-২০ ব্রান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র‍্যান্ডের ১,৩৯,৬১০ শলাকা সিগারেট জব্দ করা হয়। অভিযানদ্বয়ে জব্দ কৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৩১ হাজার ৮শত টাকা।

এছাড়াও, অবৈধ সিগারেট মজুদ এবং বাজারজাতকরণের দায়ে বোরহানউদ্দিন উপজেলায় ৩ জনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে জব্দকৃত সিগারেটসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। জাতীয় রাজস্ব রক্ষায় নৌ-বাহিনীর এরূপ অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে।

অন্যদিকে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌ-বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছে নৌ বাহিনী কর্তৃপক্ষ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।