তজুমদ্দিনে আলোচিত ধর্ষণ মামলার আসামি না হয়েও বহিষ্কৃত সজিব !

স্টাফ রিপোর্টার ॥ ভোলার তজুমদ্দিনে আলোচিত ধর্ষণ মামলায় নেই নাম, বাদীর নেই অভিযোগ, আসামি না হয়েও ষড়যন্ত্রের শিকার হয়ে দল থেকে বহিষ্কার হয়েছেন তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদিন সজীব। এনিয়ে তজুমদ্দিনের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত চিঠি দিয়েছেন ওই মামলার বাদী মোঃ রুবেল।
লিখিত চিঠিতে রুবেল বলেন, মোঃ জয়নাল আবেদিন সজীব এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। মামলায় তার নাম নেই, ঘটনাস্থলে তিনি ছিলেন না। তার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ ছিল না। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে যেসব অপবাদ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার ২নং স্বাক্ষি জামাল মাঝিসহ স্থানীয়রা জানান, কামারপট্টি রোডে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জয়নাল আবেদিন সজীব কোনভাবে যুক্ত ছিলোনা।
গত ১ লা জুলাই ২০২৫ কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে তজুমদ্দিনের ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কারের চিঠি দেয়া হয়। তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু মিয়া আক্ষেপ করে বলেন, এ ঘটনার বিচারের দাবিতে আমরা মানববন্ধন করেছি। ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িতদের বহিষ্কার করা হয়েছে। ঘটনাস্থলে সবাই বলেছে ছাত্রদল নেতা সজিব এই ঘটনায় কোনভাবে জড়িত ছিল না। কেন্দ্রীয় ছাত্রদলের কাছে আমাদের প্রত্যাশা যাতে ঘটনাটি তদন্ত করে নিরপরাধদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহব্বত খান জানান, তজুমদ্দিনের আলোচিত ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তবে মামলার এজাহারে জয়নাল আবেদীন সজিব নামে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলার বাদী অভিযোগ করেনি। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে।
