বোরহানউদ্দিনে ভারী বর্ষণে জলাবদ্ধ ॥ স্থান পরিদর্শণে পৌর প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার। সকাল ১০ টা। মুষলধারায় বৃষ্টি। গত কয়েক দিনের ভারী বর্ষণ। ফলাফল জলাবদ্ধতা। এসব সমস্যা উপলব্ধি ও করনীয় নির্ধারণে আজ পৌর প্রশাসক সকালে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ওয়ার্ডে যান। কথা বলেন ভূক্তভোগীদের সাথে। তবে অনেকে বলেন, এটা অপরিকল্পিত বাসা-বাড়ি আর ড্রেন নির্মাণের ফল। সচেতনতার অভাবে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে সমস্যাকে আরও প্রকট করছে। বিদ্যমান ড্রেনগুলোতে ময়লা ফেলার কারনে পানি নিষ্কাশনে বেশ সমস্যা। এসব কর্মকান্ডের সমন্বিত ফল পৌরসভা জলাবদ্ধ হওয়া।
পৌর প্রশাসক মেহেদী হাসান জানান, সাধারণত পৌরসভার এডিপি বরাদ্দ নীতিমালা অনুযায়ী বরাদ্দের ১০ ভাগ অর্থ ড্রেনেজ সিস্টেমে খরচ করা যায়। যা সর্বোচ্চ ১০-১১ লক্ষ টাকা। তা দিয়ে ড্রেন করা সম্ভব হয় না। তাই পৌরসভা উন্নয়নের সাথে জড়িত প্রকল্পের সাথে কথা বলেছি। তাঁরা আশ্বস্ত করেছেন চলতি ২৫-২৬ অর্থ বছরে বরাদ্দ প্রদান করবেন। আশা করি আগামী বর্ষার পূর্বে সকল ড্রেন নির্মাণ করা সম্ভব হবে। জলাবদ্ধতা দূর হবে। তবে এ বর্ষায় পৌরসভা থেকে সাময়িকভাবে সবখানে পাইপ বসানো হবে। ভরাট স্থান উন্মুক্তকরণ কার্যক্রম চলমান থাকবে। তবে খালের পানির লেভেল নিম্ম না হলে পানি অপসারণ অসম্ভব। তারপরও কোথাও জলাবদ্ধতা হলে পৌরসভাকে অবহিত করার অনুরোধ করেন।
