সর্বশেষঃ

তজুমদ্দিনে ফের নারীকে ধর্ষণ : থানায় মামলা

স্টাফ রিপোর্টার : ভোলার তজুমদ্দিনে আবারও এক নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাচড়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের হাজী বাড়িতে  গভীর রাতে প্রাকৃতিক ডাকে ঘরের বের হলে মুখ চেপে ধরে স্থানীয় দুই যুবক এঘটনা ঘটায়। রবিবার (৬ জুলাই) দুপুরে তজুমদ্দিন থানায় এমন অভিযোগ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলার আসামিরা হলেন,চাচড়ার আবুল কালামের ছেলে আওয়ামীলীগ কর্মী গিয়াসউদ্দিন (৩৫) ও মোঃ আলমের ছেলে আওয়ামীলীগ কর্মী মোঃ রাসেল (২৬)। মামলা নং ০২, তারিখ ০৬/০৭/২০২৫ ইং।

মামলা সুত্রে জানা গেছে, গত ১০ জুন রাতে ধর্ষণের পর ভিডিও ধারণ করার ঘটনা ঘটে। এর আগে ভিডিও সাক্ষাৎকারে ধর্ষণের শিকার বিধবা ওই নারী (৩০) জানান, ঘটনার সময় আমার মা নানা বাড়ি ছিলেন। আমার ছেলেকে নিয়ে ঘরে ছিলাম। রাতে আমি বাথরুমে যেতে বের হওয়ার সময় রাসেল এবং গিয়াস উদ্দিন আমার মুখ চেপে ধরে। এরপর গিয়াস উদ্দিন আমাকে নির্যাতন (ধর্ষণ) করছে আর রাসেল মোবাইলে ভিডিও করে। পরে রাসেল আমাকে নির্যাতন করতে চাইলে আমি ঝাপটা মেরে চলে যাই।

ওই নারী আরো বলেন, আমি মান-সম্মান ও ভয়ে কাউকে কিছু বলতে পারি নাই। কিন্তু রাসেল ও গিয়াস  বলে আমাদের সাথে সম্পর্ক না রাখলে তোর এই ছবি ফেসবুকে ছেড়ে দিব। তোর ভাইকে আমরা গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দিব। তোকে মেরে ফেলব। আমাকে খুব বিরক্ত করছে। আমি এর বিচার চাই।’
জানা গেছে, অভিযুক্ত গিয়াসউদ্দিন আগে আওয়ামীলীগ করতো এখন বিএনপি করেন।

তজুমদ্দিন থানার ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ জানাতে এসেছেন। তিনি এখন থানায় আছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জুন দুপুরে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিকদল, বাস্তুহারা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিলে স্বামীকে মারপিট করে আটকিয়ে রেখে স্ত্রীকে দুইজন ধর্ষণ করে। ৩০ জুন সেই ঘটনায় ভিকটিমের স্বামী রুবেল বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা করেন। এঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এবং ৪  জনকে দল থেকে বহিষ্কার করা হয়। এরমধ্যেই আবার চাচড়া ইউনিয়নে আরেক নারীকে ধর্ষণের ঘটনা সামনে আসলো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।