দৌলতখানে ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
রিয়াদ-ফাহিম ঝড়ে জয় দিয়ে আসর শুরু বরিশালের

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্রথম ম্যাচে বাজিমাত করেছে ফরচুন বরিশাল। মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের দুর্দান্ত ব্যাটিংয়ে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯৭ রানের বিশাল পুঁজি পায় রাজশাহী। জবাবে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় তামিম ইকবাল খানের বরিশাল।
বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে দলীয় ৬১ রানেই ৫ উইকেট হারিয়ে চাপের পড়ে যায় বরিশাল। বিদায় নেওয়া ৫ ব্যাটারের মধ্যে রান পেয়েছেন কেবল তাওহীদ হৃদয়। ২৩ বলে ৩২ রান করেন বগুড়ার এই ক্রিকেটার। এরপর রিয়াদের সঙ্গে ১০০ রানের কোটা পারে করে বিদায় নেন শাহিন শাহ আফ্রিদি। তার আগে ১৭ বলে ২৭ রান করেন পাকিস্তানি তারকা।
বাকিটা সময় রাজশাহীর বোলারদের ওপর তা-ব চালিয়েছেন রিয়াদ ও ফাহিম। ৮৮ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। ২৬ বলে ৫ চার ও ৪ ছয়ের মারে ৫৬ রান করেন রিয়াদ। ২ রান কম করেন ফাহিম। ২১ বলের মোকাবেলায় ১ চারের বিপরীতে ৭টি ছয় হাঁকান তিনি। বরিশালের পতন হওয়া ৬ উইকেটের মধ্যে ৩টি নেন তাসকিন আহমেদ। হাসান মোরাদের শিকার ২টি।
এর আগে বিজয় ও ইয়াসির আলির ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করায় রাজশাহী। তৃতীয় উইকেটে ১৪০ রান যোগ করেন তারা। ৫১ বলে ৬৫ রান করে বিজয় ফিরে গেলে এই জুটি ভাঙে। ৪ চারের পাশাপাশি ৫টি ছয় মারেন অধিনায়ক। বিজয় ফিরে গেলেও ঝড় অব্যাহত রাখেন ইয়াসির। ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। ৭ চারের পাশাপাশি ৮ ছয়ের সাহায্যে এই ইনিংস সাজান তিনি।
সংক্ষিপ্ত স্কোর : দুর্বার রাজশাহী: ১৯৭/৩ (২০ ওভার), ইয়াসির আলি ৯৪*, বিজয় ৬৫। ফরচুন বরিশাল: ২০০/৬ (১৮.১ ওভার), রিয়াদ ৫৬, ফাহিম ৫৪। ফলাফল: বরিশাল ৪ উইকেটে জয়ী।
