ভোলার বোরহানউদ্দিনে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের জেল-জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের জেল-জরিমানা করা হয়েছে। ১১ জুলাই বিভিন্ন সময়ে পৃথক পৃথকভাবে আটকের পর তাদের বিরুদ্ধে এ জেল-জরিমানা করা হয়।
ভোলা জেলার পুলিশের ফেসবুক পেইজ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনের চৌকস পুলিশ সদস্যরা শনিবার দুপুর ২টার দিকে বোরহানউদ্দিন থানাধীন বড়পাতা ০৫নং ওয়ার্ডস্থ ভুট্ট মেম্বরের ব্রিকফিল্ডের পার্শ্বে দোকানের মধ্য হতে ৫ নং ওয়ার্ডের মোঃ বাবুল (৪০), মোঃ শাহ আলম (৪৫), মোঃ ইসমাইল (৩৫), মোঃ ইকবাল (১৬) এবং ৪নং ওয়ার্ডের মোঃ নুর নবী (৩০) ভোলাদেরকে জুয়া (তাস) খেলা অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আটককৃত ব্যক্তি মোঃ ইকবাল (১৬) কে ১০০ টাকা জরিমানা করেন এবং বাকিদেরকে ০১ (এক) মাস করে সাজা প্রদান করেন।

অপরদিকে দুপুর সোয়া ২টার দিকে বোরহানউদ্দিন থানাধীন বাথানবাড়ী ০৬নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদি হাসান বাবু (২২), ও মোঃ বনি আমিন মোল্লা (৬০) উভয় সাং- বাথানবাড়ী ০৬নং ওয়ার্ড কে ২১ (একুশ) পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা হয়েছে।
