নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা ঠেকাতে বোরহানউদ্দিনে বিএনপির মোটরসাইকেল মহড়া

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার প্রতিবাদ এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধের ঘোষণা দিয়ে ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল মহড়া দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মহড়া চলাকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ধর্মঘটের নামে কোনো ধরনের অগ্নিসংযোগ বা নাশকতার চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন বিএনপি নেতাকর্মীরা।
মহড়া শেষে রাত ১২টার দিকে বোরহানউদ্দিন থানার সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব জসিম উদ্দিন খান। এ সময় তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করার চ্যালেঞ্জ ছুড়ে দেন।
তিনি বলেন, ‘আমরা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। গুপ্তভাবে নয়, রাতের আঁধারে নয়; দিনদুপুরে প্রকাশ্যে রাজপথে আন্দোলন করেছি।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, বোরহানউদ্দিনের মাটিতে কোথাও যদি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনদুপুরে প্রকাশ্যে মিছিল করতে পারে, তাহলে আমি হাতে চুড়ি পরে হাঁটব।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গেও বক্তব্য দেন জসিম উদ্দিন খান। তিনি বলেন, ‘খুনি হাসিনা এখন পাসপোর্ট চান কেন? আমরা বলি, আপনি বাংলাদেশে আসেন, আপনাকে সাদরে গ্রহণ করব।’
বক্তব্যে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার প্রতিবাদ জানিয়ে বোরহানউদ্দিনে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
মোটরসাইকেল মহড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
