সর্বশেষঃ

ভোলার গ্যাসসম্পদকে কেন্দ্র করে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করছেন জেলাবাসী।

দ্বীপজেলা ভোলায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ও বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও গত তিন দশকে গড়ে ওঠেনি প্রত্যাশিত গ্যাসভিত্তিক শিল্পকারখানা। অব্যবহৃত গ্যাসসম্পদের কারণে একদিকে যেমন সম্ভাবনার যথাযথ ব্যবহার হচ্ছে না, অন্যদিকে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এমন বাস্তবতায় ভোলায় পরিকল্পিত শিল্পপার্ক, সারকারখানা ও ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন জেলাবাসী। তবে দীর্ঘদিনের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি নয়, এবার দ্রুত দৃশ্যমান বাস্তবায়ন চান তাঁরা।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। গ্যাসক্ষেত্রটিতে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে। আবিষ্কারের প্রায় ১৪ বছর পর ২০০৯ সালে শুরু হয় বাণিজ্যিক গ্যাস উত্তোলন। পরবর্তী সময়ে ২০১৮ সালে ভোলা নর্থ এবং ২০২৩ সালে ইলিশা-১ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।

এত বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তিন দশকে ভোলায় গড়ে ওঠেনি বড় কোনো গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান। ফলে গ্যাসসম্পদকে কেন্দ্র করে যে শিল্পায়ন ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হওয়ার কথা ছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের সময়ে ভোলায় সারকারখানা, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি প্ল্যান্ট স্থাপনের নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এসব উদ্যোগের কোনোটিই আলোর মুখ দেখেনি। বিভিন্ন সময়ে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ দেখালেও প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক সদিচ্ছার অভাবসহ নানা কারণে উদ্যোগগুলো এগোয়নি।

তবে সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলায় শিল্পপার্ক স্থাপনের ঘোষণা দেওয়ায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয়রা। গত ৯ সেপ্টেম্বর সংসদে প্রধানমন্ত্রী জানান, ভোলার গ্যাস মূল ভূখণ্ডে পাইপলাইনের মাধ্যমে নিতে প্রায় সাত বছর সময় লাগতে পারে। তাই স্থানীয়ভাবে গ্যাস ব্যবহার করে সারকারখানা ও ৫০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে ভোলার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, গত ৩৪ বছরে রাজনৈতিক সদিচ্ছার অভাবে ভোলাবাসী গ্যাসভিত্তিক শিল্পকারখানা থেকে বঞ্চিত হয়েছেন। অতীতে চাঁদাবাজিসহ নানা নেতিবাচক পরিস্থিতির কারণে উদ্যোক্তারা বিনিয়োগ থেকে ফিরে গেছেন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, জাতীয় গ্রিডে গ্যাস নেওয়ার পাশাপাশি ভোলাতেই অগ্রাধিকার ভিত্তিতে ভারী শিল্পকারখানা স্থাপন করতে হবে।

ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন, ভোলার গ্যাস বরিশালে নিতে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয় হবে। এই বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে ভোলায় সারকারখানা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও ইপিজেড স্থাপন করা হলে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।

ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম বলেন, উন্নয়নের বিভিন্ন সূচকে দ্বীপজেলা ভোলা এখনো অনেক পিছিয়ে রয়েছে। এখানকার প্রাকৃতিক সম্পদের সুষম ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, গ্যাসভিত্তিক সার্বিক উন্নয়ন ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। জেলায় ছোট ও ভারী, উভয় ধরনের শিল্প স্থাপনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে জেলা প্রশাসন সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে।

সংশ্লিষ্টদের মতে, ভোলায় শিল্পপার্ক, সারকারখানা ও বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

সব মিলিয়ে ভোলার বিপুল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে জেলাটিকে আধুনিক অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের প্রত্যাশা এখন জেলাবাসীর। দীর্ঘদিনের প্রতিশ্রুতির অবসান ঘটিয়ে ঘোষিত শিল্পপার্ক ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়নই এখন তাঁদের প্রধান দাবি। এবার তাঁরা আশ্বাস নয়, দেখতে চান বাস্তব অগ্রগতি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।