সর্বশেষঃ

আ.লীগের লকডাউনের প্রথম দিনে ভোলায় স্বাভাবিক জনজীবন

মো. মাহে আলম মাহী:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিন রবিবার (২৯ নভেম্বর) ভোলায় স্বাভাবিক রয়েছে জনজীবন ও যানবাহন চলাচল। জেলার অভ্যন্তরীণ সড়ক ও নৌপথে নির্ধারিত সময় অনুযায়ী যানবাহন ও লঞ্চ চলাচল করতে দেখা গেছে।
সকাল থেকেই ভোলা সদরসহ বিভিন্ন উপজেলার হাটবাজার, দোকানপাট ও অফিস-আদালতে মানুষের স্বাভাবিক উপস্থিতি ছিল। কর্মজীবী মানুষও প্রতিদিনের মতো কাজে বের হয়েছেন। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় বড় ধরনের কোনো প্রভাব চোখে পড়েনি।
তবে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরাও মাঠে রয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মনিরুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।