ভোলায় সরকারি শিশু পরিবারে ২০০ এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর ভর্তির সুযোগ

ভোলায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকারি শিশু পরিবারে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা) ভোলায় মোট ২০০টি আসনে শিশু ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে বালিকা শিশু পরিবারের ১০০টি এবং বালক শিশু পরিবারের ১০০টি আসন।
ভর্তির জন্য শিশুর বয়স ৬ থেকে ৯ বছর হতে হবে। এতিম শিশু (পিতৃহীন অথবা পিতৃ মাতৃহীন) এবং শিশু আইন, ২০১৩-এর ৮৯ ধারায় উল্লেখিত সুবিধাবঞ্চিত শিশুরা ভর্তির যোগ্য। সুবিধাবঞ্চিত শিশুদের জেলা বা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে ভর্তি করা হবে। ভর্তি হওয়া শিশুদের সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাসহ খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও আবাসনের যাবতীয় ব্যয় সরকার বহন করবে। পাশাপাশি সাধারণ ও ব্যবহারিক শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ, বিনোদন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের সুযোগ থাকবে। শিশুদের ১৮ বছর বয়স পর্যন্ত থাকার সুযোগ, মেধাবীদের বৃত্তি, স্বাস্থ্যসেবা, মানসিক ও মানবিক বিকাশ এবং চাকরি প্রাপ্তিতে সহায়তা করা হবে। অভিভাবকদের সঙ্গে প্রতি মাসে দুই দিন সাক্ষাতের সুযোগও রয়েছে।
ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র, শিশু ও অভিভাবকের দুই কপি ছবি, শিশুর অনলাইন জন্মসনদের সত্যায়িত ফটোকপি, পিতা-মাতা ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এতিম শিশুর ক্ষেত্রে মৃত পিতা-মাতার অনলাইন মৃত্যু সনদ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আবেদনপত্র সংশ্লিষ্ট অফিস অথবা অনলাইন থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। বছরের যেকোনো সময় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। সমাজসেবা অধিদপ্তর ভোলার উপপরিচালক কাজী গোলাম কবির জানান, সরকারি শিশু পরিবারে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ আবাসন, শিক্ষা, চিকিৎসা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে। আগ্রহী অভিভাবক ও সংশ্লিষ্টদের নির্ধারিত নিয়মে শিশুদের ভর্তির আবেদন করার আহ্বান জানান তিনি।
সরকারি শিশু পরিবার (বালিকা), চরনোয়াবাদ, ভোলা। যোগাযোগ: ০১৭০৮-৪১৪৩৬৯ (দাপ্তরিক), ০১৯৮৮-৮৬৭৯২২।
সরকারি শিশু পরিবার (বালক), বাংলাবাজার, ভোলা। যোগাযোগ: ০১৭৭৪-৭৪৪৬৭৭।
