গ্রামের বধূ এখন মুরগির ভ্যাকসিনেটর ভোলার দৌলতখানে নিজের স্বপ্ন নিজেই বুনছেন কামরুন নাহার

মোঃ সামিরুজ্জামান, সিনিয়ার স্টাফ রিপোর্টার
ভোরের আলো ফোটার আগেই উঠোনে নেমে আসেন তিনি। এক হাতে কুলিং বক্স, কাঁধে ঝোলানো ব্যাগ, পায়ে বুট। সংসারের চেনা চৌহদ্দি পেরিয়ে এখন তাঁর পথ চলে পাড়া-প্রতিবেশীর খামারের দিকে। একদিন যে নারী ঘরের চার দেয়ালে সংসারের হাল ধরেই দিন কাটাতেন, আজ তিনি গ্রামের মুরগির চিকিৎসাসেবার ভরসাস্থল। তাঁর নাম কামরুন নাহার।
ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের চর খলিফা গ্রামের এই গৃহবধূর গল্পটা শুরু হয়েছিল এক নীরব ইচ্ছা থেকে। স্বামী-সন্তান আর পরিবারের সবাইকে সময় দিয়েও মনের ভেতর একটা তাগিদ তাঁকে কুড়ে কুড়ে খেত। সংসারের কাজের পাশাপাশি নিজের হাতে কিছু একটা করার, নিজের পরিচয়ে মাথা তোলার সেই প্রবল আকাঙ্ক্ষাই তাঁকে টেনে নিয়ে যায় পল্লী মুরগি পালনের দিকে।
সেই পথেই তাঁর সামনে খুলে যায় নতুন দরজা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগীতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার স্মার্ট পোল্ট্রি উপ-প্রকল্পের আওতায় তিনি অংশ নেন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) প্রশিক্ষণে। যে হাতে এতদিন কেবল সংসারের কাজ সামলাতেন, সেই হাতেই শিখে নিলেন মুরগিকে টিকা দেওয়ার কৌশল, রোগ চেনার দক্ষতা আর খামার পরিচর্যার আধুনিক পাঠ।
প্রশিক্ষণ শেষে ঘরে বসে থাকেননি কামরুন। গত এক বছর ধরে নিজের খামারে তো বটেই, প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়েও সেবা দিয়ে চলেছেন। কারও মুরগি ঝিমিয়ে পড়লে, কারও খামারে টিকার সময় এলে ডাক পড়ে তাঁর। বিনিময়ে হাতে আসছে কিছু আয়, আর তার চেয়েও বড় কথা, সমাজে তৈরি হয়েছে নতুন সম্মান ও আত্মবিশ্বাস। নিজের খামারেও রয়েছে স্বপ্নের ডানা মেলা। বর্তমানে সেখানে ১ হাজার লেয়ার মুরগি পালন করছেন তিনি।
কামরুনের এই আগ্রহ ও পরিশ্রম নজর এড়ায়নি গ্রামীণ জনউন্নয়ন সংস্থার। তাঁকে দক্ষ এলএসপি হিসেবে আরও এগিয়ে নিতে স্মার্ট পোল্ট্রি উপ-প্রকল্প থেকে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় সরঞ্জাম। ডিবেকার মেশিন, অটো ভ্যাকসিন গান, কুল বক্স, অ্যাপ্রন, বুট, সিরিঞ্জ ও নিডেলের মতো উপকরণ হাতে পেয়ে তাঁর কাজের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পেশাদারিত্বের ছোঁয়াও।
কামরুনের এই সেবায় সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন স্থানীয় খামারিরা। আগে মুরগির কোনো সমস্যা দেখা দিলে পশু হাসপাতালে ছুটতে হতো, আর অনেক সময় সেই দূরত্ব ও অলসতার কারণে যাওয়াই হয়ে উঠত না। টিকা দেওয়াও পিছিয়ে যেত দিনের পর দিন। খামারি রেহেনা বলেন, ‘আগে যেকোনো সমস্যা দেখলে আমরা পশু হাসপাতালে নিয়ে যেতাম। অনেক সময় অলসতার কারণে নেওয়া হতো না, টিকাও দেওয়া হতো না। এখন সেই সমস্যা নেই। বাড়িতে বসেই টিকা দিতে পারছি, তাই রোগবালাইও কম হচ্ছে।’
একই এলাকার খামারি সালেকার মুখেও একই কথা। তাঁর ভাষ্যমতে, দোরগোড়ায় এমন সেবা পাওয়ায় মুরগির রোগ কমেছে, আর তার হাত ধরেই বেড়েছে লাভের অঙ্ক।
খামারি আবদুর রহমান জানান, মুরগির ঠোঁট কাটার (ডিবেকিং) সেবা বাড়িতে বসেই পাওয়ায় তাঁর খামারে মুরগির মৃত্যুহার কমেছে। আগের চেয়ে লাভও বেড়েছে। তিনি বলেন, হাতের কাছে এমন সেবা মেলায় এখন দুশ্চিন্তাও অনেকটাই কমে গেছ।
এ বিষয়ে ভোলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, ‘জেলা প্রাণিসম্পদ বিভাগে দীর্ঘদিন ধরেই জনবল সংকট রয়েছে। এর মধ্যে এই ধরনের ভ্যাকসিনেটররা কাজ করলে আমাদের কাজে সহায়ক হয়।’ তবে তাঁদের দ্বারা যেন কোনো অপচিকিৎসা না হয়, সেদিকেও নজর রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রকল্প সূত্রে জানা গেছে, স্মার্ট পোল্ট্রি উপ-প্রকল্পের মাধ্যমে লাইভস্টক সার্ভিস প্রোভাইডার হিসেবে প্রশিক্ষণ পেয়ে বর্তমানে ৩ জন উদ্যোক্তা মাঠপর্যায়ে কাজ করছেন।
আজ চর খলিফার মেঠোপথে হেঁটে চলা কামরুন নাহার শুধু একজন খামারি নন, তিনি গ্রামের আরও অনেক নারীর কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, সুযোগ আর সামান্য সহায়তা পেলে গ্রামের বধূরাও নিজের ভাগ্য নিজেই লিখে নিতে পারেন। সংসারের আঙিনা পেরিয়ে যে স্বপ্নের পথ তিনি তৈরি করেছেন, সেই পথে হাঁটার সাহস এখন জোগাচ্ছেন আরও অনেককে।
