ভোলা সরকারি কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদ ও নিরাপদ যাতায়াত নিশ্চিতে স্মারকলিপি প্রদান
ভোলা সরকারি কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদ ও নিরাপদ যাতায়াত নিশ্চিতে স্মারকলিপি প্রদান

ক্যাম্পাস প্রতিনিধি:
ভোলায় গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, নারী শিক্ষার্থীদের হেনস্তা ও বাসে উঠতে বাধা দেওয়ার প্রতিবাদে এবং বাধ্যতামূলক ‘হাফ ভাড়া’ চালুর দাবিতে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আজ ২৯ নভেম্বর কলেজের উপাধ্যক্ষ হাতে দেওয়া ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভোলা সরকারি কলেজে জেলার বিভিন্ন উপজেলা ও দূর-দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করেন। কলেজের নিজস্ব বাস মাত্র একটি হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীকে ভোলা জেলা বাস মালিক সমিতির আওতাধীন লোকাল ও ডাইরেক্ট বাসের ওপর নির্ভর করতে হয়।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এসব বাসের কন্ডাক্টর ও হেল্পারদের হাতে শিক্ষার্থীদের হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে; বিশেষ করে ‘হাফ ভাড়া’র কথা বললেই তারা ঔদ্ধত্যপূর্ণ ও অমানবিক আচরণ করেন। সম্প্রতি এ পরিস্থিতি আরও তীব্র রূপ নেয় বলে স্মারকলিপিতে জানানো হয়। গত কয়েকদিন আগে কলেজের কয়েকজন নারী শিক্ষার্থী বাসে উঠতে গেলে কন্ডাক্টর ইচ্ছাকৃতভাবে বাসের গেট আটকে দেন এবং “শিক্ষার্থীদের বাসে নিলে পোষায় না” বলে তাদের বাসে উঠতে বাধা ও অপমান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা চারটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—কলেজ প্রশাসনের উদ্যোগে ভোলা জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে অবিলম্বে জরুরি সমন্বয় সভা আহ্বান করা এবং শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ বন্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করা। এছাড়া পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন সাপেক্ষে বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বাধ্যতামূলকভাবে কার্যকর করার দাবি জানানো হয়। পাশাপাশি, সম্প্রতি নারী শিক্ষার্থীদের বাসে উঠতে বাধা প্রদানকারী ও হেনস্তাকারী বাসের কন্ডাক্টর ও হেল্পারকে চিহ্নিত করে মালিক সমিতির মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ এবং কলেজের ক্লাস শুরু ও ছুটির সময় কোনো বাস যেন শিক্ষার্থীদের নিতে অস্বীকৃতি না জানায় বা গেট আটকে না রাখে, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি প্রদান করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তানভীর হোসেন শুভ, ইসালামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামরুল ইসলাম, কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য জিদান আনাবীর এবং কলেজ ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. শাকিলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের অভিযোগ ও স্মারকলিপির বিষয়ে কলেজ প্রশাসনের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় কলেজ প্রশাসন আন্তরিক। শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বাস মালিক সমিতি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।”
অন্যদিকে, হেনস্তার ঘটনার বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান জানান, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ বা হেনস্তার কোনো সুযোগ নেই। অভিযুক্ত বাসের ড্রাইভার ও হেল্পারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি, পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান।
