লালমোহনে কৃষ্ণ কালী মন্দির চুরি মামলার দুই আসামী গ্রেফতার ও চোরাই মালামালা উদ্ধার
লালমোহনে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদ সভা

ভোলার লালমোহনে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় প্রতিবাদ সভা করেছে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি। সভায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দলের যেকোনো সংকটময় মুহূর্তে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
এ সময় বক্তারা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সকল নেতাকর্মীকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের সামনের একটি পান দোকানের বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রথমে কার্যালয়ে আগুনের সূত্রপাত হলেও পরে তা ছড়িয়ে পড়ে পাশের পান দোকানে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের অন্যান্য স্থাপনা রক্ষা পায়।
