ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি গয়না ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকানটির মালিক।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংগস প্লাজায় এ ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না নিয়ে যায় দুর্বৃত্তরা।
দোকানটির মালিক অমিত ঘোষ জানান, চুরি হওয়া গয়নার পরিমাণ আনুমানিক দুই হাজার ভরি। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা।
ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে অন্য চারজনকে আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের ম্যানেজার সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।
সঞ্জীব শীল বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি দেখা গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।
শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে আলামত সংগ্রহ করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
