সর্বশেষঃ

ভোলায় জাতীয় মৎস্যজীবী সমিতির কমিটি গঠন। সভাপতি-রাইসুল, সম্পাদক-শাহ আলম,সাংগঠনিক রফিক সাদী।

“জাল যার, জলা তার—মৎস্যজীবীর অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্যজীবী সমিতি ভোলা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় ভোলা প্রেসক্লাবের নিচতলায় কুইন আইল্যান্ড রেস্টুরেন্টে জাতীয় মৎস্যজীবী সমিতি ভোলা জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি মাসে জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট ইসমাইল আলী ও মহাসচিব আলহাজ্ব ইকবাল হোসেন স্বাক্ষরিত ভোলা জেলার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।

অনুষ্ঠানে পরিচয়পর্ব শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় মৎস্যজীবী সমিতি ভোলা জেলা শাখার সভাপতি রাইসুল আলম। এ সময় বিভিন্ন ইউনিয়ন সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম শিকদার। এ ছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাদী, ভোলা সদর সভাপতি শাহজাহান বেপারি, লালমোহন সভাপতি শাখাওয়াত হোসেন, চরফ্যাশন সভাপতি শাজাহান সাজু, বোরহানউদ্দিন সম্পাদক ফরিদুল আলম প্রমুখ।

সভায় মৎস্যজীবীদের ঐক্য, অধিকার প্রতিষ্ঠা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাইসুল আলম বলেন, জাতীয় মৎস্যজীবী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনমান উন্নয়ন এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় সংগঠনটি কাজ করে যাচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মৎস্যজীবীরা নানা সময় বিভিন্ন সংকট ও প্রতিকূলতার মুখোমুখি হন। এসব পরিস্থিতিতে মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মৎস্যজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় মৎস্যজীবী সমিতি ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন সমিতির প্রতিনিধি ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।