সর্বশেষঃ

গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন: প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্যারামিলিটারি বা আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সংস্থাটির প্রকাশিত তালিকায় বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট জনবল দেখানো হয়েছে ৬৮ লাখ।

প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার।

তালিকায় ১১ লাখ ৪৫ হাজার সদস্য নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কিউবা। চতুর্থ অবস্থানে থাকা চীনের প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ৬ লাখ ২৫ হাজার। এরপর ৬ লাখ সদস্য নিয়ে সার্বিয়া পঞ্চম এবং ৫ লাখ সদস্য নিয়ে পাকিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে।

এ ছাড়া ৩ লাখ সদস্য নিয়ে মিশর সপ্তম অবস্থানে রয়েছে। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম। এই তিন দেশের প্রত্যেকটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার।

গ্লোবাল ফায়ারপাওয়ারের উপাত্তে আরও বলা হয়েছে, বাংলাদেশের এই ৬৮ লাখ সদস্য বৈশ্বিক মোট প্যারামিলিটারি জনবলের প্রায় ৩৮ শতাংশ।

তবে প্যারামিলিটারি বাহিনীর জনবলে শীর্ষে থাকলেও সামগ্রিক সামরিক সক্ষমতার বিচারে বাংলাদেশের অবস্থান অনেক পেছনে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম। অর্থাৎ, প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা এবং সামগ্রিক সামরিক সক্ষমতা— দুটি আলাদা সূচক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।