গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন: প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ
চরমোনাই মাহফিল শুরু আজ, থাকছে ৭টি মূল বয়ান

দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক আয়োজন চরমোনাই দরবারের বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আজ শুক্রবার (২৭ নভেম্বর)। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার বাদ জুমা উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মাহফিলে দেশের শীর্ষস্থানীয় আলেম ও বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্বরা বয়ান করবেন। সাড়ে তিন দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হবে মোট সাতটি মূল বয়ান।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলের উদ্বোধনী ও আখেরি বয়ানসহ চারটি মূল বয়ান করবেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাকি তিনটি মূল বয়ান করবেন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
প্রায় এক শতাব্দী ধরে বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নে আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। তাসাউফ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনার চর্চাকে কেন্দ্র করে আয়োজিত এ মাহফিলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
এদিকে মাহফিলকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি অজু ও শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে।
মাহফিলে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিসের দল মোতায়েন থাকবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের যানবাহন রাখার জন্য করা হয়েছে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা।
আয়োজকদের প্রত্যাশা, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এ আধ্যাত্মিক আয়োজনে অংশ নেবেন।
