নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় ভোলায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারসমতা প্রতিষ্ঠা এবং নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সামাজিক বৈষম্য দূর করা, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে তরুণদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ভোলার কুইন আইল্যান্ড রেস্টুরেন্টে স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এ সভার আয়োজন করে। জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভোলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান শ্যামলী ও আবৃত্তিশিল্পী ফারজানা স্নিগ্ধা।
সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরহাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন স্টার নিউজের ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, চ্যানেল ওয়ানের ভোলা জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশুসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
আলোচনা সভায় জেন্ডারভিত্তিক সামাজিক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য, নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পরিবার ও সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ বা নারী-পুরুষের ভূমিকা নিয়ে গতানুগতিক ধারণা নারীর সমান অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে। এ ধরনের বৈষম্য দূর করতে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের মূল লক্ষ্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডারসমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণ বাড়ানো। এ ধরনের আলোচনা সভা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
আদিল হোসেন তপু
ভোলা
