সর্বশেষঃ

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৮ জেলের কারাদণ্ড

ভোলার তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৮ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মনপুরা ও কলাতলীর মধ্যবর্তী মেঘনা নদী এলাকায় মাছ শিকারের সময় তাঁদের আটক করা হয়। পরে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুবেল ও আবদুর রব এবং মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের বাসিন্দা মো. রিপন, মো. সুজন, মো. শাকিল, মো. শাহিন, মো. আরিফ ও মো. জামাল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আট জেলেকে দণ্ডবিধির ১৮৮ ধারায় ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর জেলের বয়স অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা নিয়ে তাঁকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীসহ উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।