সর্বশেষঃ

​ভোলায় মসজিদের সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে ঐতিহ্যবাহী নুরুল হক মুন্সী জামে মসজিদের সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের শাস্তির দাবিতে ভোলা-বরিশাল মহাসড়কে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের এলাকাবাসী।

​রবিবার পশ্চিম ইলিশা ৫ নম্বর ওয়ার্ডের ভোলা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত মনির হোসেন রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে সে নিজেকে ‘বিজেপি নেতা’ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় ক্ষমতার দাপট দেখিয়ে তিনি বেআইনিভাবে আল্লাহর ঘর নুরুল হক মুন্সী জামে মসজিদের জমি নিজের দাবি করে সীমানা প্রাচীর ভেঙে তা দখল করে নেওয়ার চেষ্টা করেন।

​এদিকে ​জেলা যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন, দলের পরিচয় ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​এদিকে অভিযুক্ত মনির হোসেনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙার কথা স্বীকার করেন।

​মানববন্ধনে অংশগ্রহণকারী শতাধিক মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী অবিলম্বে মসজিদের দখলকৃত জমি পুনরুদ্ধার এবং চিহ্নিত সুবিধাবাদী ও দখলদার মনিরের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।