নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা মার্চ-এপ্রিলে
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা মার্চ-এপ্রিলে

আরিফুল ইসলাম রিয়াজ:: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭-এর দ্বিতীয় আসরের বাস্তবায়ন রূপরেখা প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে ইউনিয়ন, পৌরসভা, থানা ও অঞ্চল পর্যায়ে দল গঠনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ সাপাতুল ইসলাম জানান, আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত ইউনিয়ন, পৌরসভা, থানা ও অঞ্চল পর্যায়ে দল গঠন করা হবে। এরপর ৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন ও শিক্ষা থানা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা শেষে ২০২৭ সালের ১ থেকে ৭ জানুয়ারির মধ্যে যেকোনো দুই দিন সংশ্লিষ্ট পর্যায়ে প্রশিক্ষণ ও দল গঠন করা হবে। ১০ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। এরপর ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে যেকোনো তিন দিন জেলা পর্যায়ের প্রশিক্ষণ ও দল গঠন করা হবে।
রূপরেখায় আরও বলা হয়েছে, ২৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে ১৫ থেকে ২০ মার্চের মধ্যে যেকোনো তিন দিন আঞ্চলিক পর্যায়ে প্রশিক্ষণ ও দল গঠন করা হবে।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের তারিখ মন্ত্রণালয় থেকে পাওয়া সাপেক্ষে নির্ধারণ করা হবে। সম্ভাব্য সময় ২০২৭ সালের মার্চের চতুর্থ সপ্তাহ থেকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ। জাতীয় পর্যায় থেকে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের মে থেকে জুন ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের এ আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও ক্রীড়াঙ্গনে সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
