সর্বশেষঃ

নাগরিক গোলটেবিল আলোচনায় ভোলার সমস্যা তুলে ধরলেন স্বেচ্ছাসেবী মাকসুদুর রহমান

শান্তি, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে নাগরিক গোলটেবিল আলোচনা সভা। এতে ভোলা জেলার বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরে সেগুলো প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন ভেদুরিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের (AHDF) উদ্যোগে ‘শান্তি, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন বেগম রোকেয়া রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও পরিবেশবিদ অধ্যাপক হাসিনা যাকারিয়া বেলা। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

আলোচনা সভায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়তে ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় ভোলার সামাজিক বাস্তবতা তুলে ধরে বক্তব্য দেন মাকসুদুর রহমান। তিনি পরকীয়াকেন্দ্রিক পারিবারিক বিরোধ, মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যার কথা উল্লেখ করেন। এসব সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

মাকসুদুর রহমান বলেন, সামাজিক সমস্যা সমাধানে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবুল হাশেম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা রোটারিয়ান এস এম আজিজ, গ্রিন অ্যালায়েন্সের আহ্বায়ক সারোয়ার আমিন বাবু, মাই টিভির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোপ্রধান নুরুল কবির, কিউসি মিটিং লিমিটেডের সিনিয়র আইটি ম্যানেজার সাজ্জাদ ইকবাল, কবি ও লেখক নেছার আহমেদ খান, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক উৎপল কুমার মিঠুন, পরিচালক সামসুন নাহার সামু এবং গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ সময় চট্টগ্রামের ২০টি সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন, মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং তরুণদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের নাগরিক সংলাপ সামাজিক সমস্যা চিহ্নিত করা, পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং শান্তি, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগকে আরও গতিশীল করবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।