ভোলায় শীর্ষ মাদক কারবারি ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ ৭ জনকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

ভোলার সদর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ২৭০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোতাসিম নামে একজন রয়েছেন, যিনি পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক কারবারের সঙ্গে জড়িত।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৫ মিনিটে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাগানে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল (৩০), মো. নসু হাওলাদার (৪৫), মো. আলাউদ্দিন (৪২), মো. মনির হোসেন (২৭), মো. রাকিব (৩৬), মো. মোতাসিম (৪০) ও মো. মনির (৩১)। তাঁরা ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
