ভোলায় ওয়ার্ড বিএনপি সভাপতির উপর হামলার জেরে যুবককে গণপিটুনি, ১ দিন পর মৃত্যু
মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান : দক্ষিণাঞ্চলে ১৫০ কোটি টাকার জাল ও ৭ লাখ টাকার মাছ জব্দ, ২২ জনের সাজা

স্টাফ রিপোর্টার ॥
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে ১৫০ কোটি ৪৭ লাখ টাকা মূল্যের অবৈধ জাল ও ৭ লাখ টাকা মূল্যের মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। এ সময় ২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে ভোলার খাল এলাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান এ বিষয়ে তথ্য তুলে ধরেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে দক্ষিণ জোনের আওতাধীন নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণে সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার অনুরোধ জানানো হয়।
