সরকারি অফিসে কেবল টাকার ঘাটতি থাকলেই তা অর্থ আত্মসাৎ নয়: হাইকোর্ট
মনপুরায় মাইক্রোবাসচালক-হেলপারকে মারধর, ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

আব্দুর রহমান সোয়েব ,মনপুরা প্রতিনিধি।। ভোলার মনপুরায় যাত্রী পরিবহনকে কেন্দ্র করে বিরোধের জেরে এক মাইক্রোবাসচালক ও তাঁর হেলপারকে মারধর, ৩০ হাজার টাকা ছিনতাই এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মনপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চালক।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী মো. ইব্রাহিম (৩৫) উপজেলার ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসচালক। তাঁর অভিযোগ, ঘটনার দিন সকাল ৬টার দিকে রামনেওয়াজ ঘাটে গাড়িতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে তাঁর হেলপারের সঙ্গে কয়েকজন হোন্ডাচালকের কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা সেখান থেকে চলে যান।
ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী, পরে তিনি রামনেওয়াজ ঘাট থেকে যাত্রী নিয়ে সাকুচিয়ার উদ্দেশে রওনা হন। পথে সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর মাইক্রোবাসের সামনে এসে পথরোধ করেন। গাড়ি থামানোর পর তাঁকে ও তাঁর হেলপারকে জোর করে নামিয়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলায় চালক ও তাঁর হেলপার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ সময় চালকের পকেট থেকে ২০ হাজার টাকা এবং হেলপারের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন ইব্রাহিম। পরে লোহার রড দিয়ে মাইক্রোবাসের সামনের, পাশের ও পেছনের কাচ ভাঙচুর করা হয়। এতে গাড়িটির আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইব্রাহিম জানান, ঘটনার পর তিনি ও তাঁর হেলপার মনপুরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভাঙচুরের শিকার মাইক্রোবাসটি এখনও ঘটনাস্থলে পড়ে রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন,ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
