সর্বশেষঃ

ভোলায় মেঘনা-তেঁতুলিয়ায় মা ইলিশ রক্ষায় ২৮ অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা

মোঃ সামিরুজ্জামান, সিনিয়র স্টাফ রিপোর্টার

মা ইলিশ সংরক্ষণে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ উপকূলীয় এলাকায় চলমান অভিযানে এ পর্যন্ত ২৮টি অভিযান ও ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৫৮ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। একই সময়ে দুটি মামলা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য দপ্তরের ৯ অক্টোবরের উপজেলাভিত্তিক চূড়ান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযানের সময় জেলার ৭৩টি অবতরণ কেন্দ্র, ১৪৬টি মাছঘাট ও ৫৯টি বাজার পরিদর্শন করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৮ লাখ ৯৮ হাজার টাকা। অভিযানে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি। পাশাপাশি নিলামযোগ্য কোনো পণ্যও পাওয়া যায়নি।

চলতি পর্যায়ের অভিযানে ১২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে তিনটি ছিল মোবাইল কোর্ট। এ সময়ে সাতটি অবতরণ কেন্দ্র, ৩৩টি মাছঘাট ও ৭৬টি বাজার পরিদর্শন করা হয়। জব্দ করা হয়েছে ২২ হাজার মিটার জাল, যার আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। এ পর্যায়ে একটি মামলা করে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ ভোলার নদী ও উপকূলীয় এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। অবতরণ কেন্দ্র, মাছঘাট ও বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।