সর্বশেষঃ

দৌলতখানে সিনিয়র নেতাকে গালাগালের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

ডিজিটাল ডেক্স

ভোলার দৌলতখানে দলের এক সিনিয়র নেতাকে অশালীন ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা করার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. লোকমান হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে দৌলতখান থানা-পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগকারী দৌলতখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম মাস্টার বলেন, বুধবার রাতে দৌলতখান বাজারের উত্তর মাথায় তিনি দলের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার ও সহসভাপতি গোলাম কবির স্বপনের সঙ্গে নাস্তা করছিলেন। এ সময় লোকমান হোসেন সেখানে এসে তাকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং মারধরের জন্য এগিয়ে আসেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর জসিম মাস্টার দৌলতখান থানায় গিয়ে লোকমান হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।

জসিম মাস্টার বলেন, “লোকমান হোসেন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মারতে আসেন। পরে আমি থানায় অভিযোগ করি। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।”

এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর লোকমান হোসেনের বিরুদ্ধে টিসিবির পণ্য কম দেওয়া ও বেশি দামে বিক্রি, চাঁদাবাজি এবং সরকারি জাহাজের চোরাই তেল পাচারের মতো অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে লোকমান হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন, “জসিম মাস্টার থানায় অভিযোগ করেছেন। তাই জিজ্ঞাসাবাদের জন্য লোকমান হোসেনকে থানায় আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে বিষয়টি তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।