সর্বশেষঃ

দৌলতখানে মমতাজ বেগম হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

ভোলার দৌলতখানে মমতাজ বেগম (৬০) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির মো. কাশেম (৫৫) ও মোসা. রাজিয়া বেগম (৫০)। পুলিশ জানিয়েছে, কাশেম মামলার এজাহারভুক্ত ১ নম্বর এবং রাজিয়া ২ নম্বর আসামি।

পুলিশের ভাষ্য, গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাদীর চাচার বাড়ির পশ্চিম পাশের পাকা সড়কে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মমতাজ বেগমকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর মমতাজ বেগমের স্বামী মো. জাহাঙ্গীর বাদী হয়ে দৌলতখান থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২৮ এবং জিআর নম্বর ১৭৭/২৬। এতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

দৌলতখান থানা পুলিশ জানায়, মামলা হওয়ার পর ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। মামলার তদন্তের পাশাপাশি ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, বর্তমানে দৌলতখান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।