দৌলতখানে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে একজনের স্বীকারোক্তি

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর হত্যা মামলায় এজাহারভুক্ত ১ নম্বর আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মোছা. ইয়াছমিন বেগম ওরফে মেরাবজুন (৩৭) ও সন্দিগ্ধ আসামি মো. শাহাবুদ্দিন (৩৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইয়াছমিন বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করার পাশাপাশি ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি পুলিশের।
দৌলতখান থানার পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় গত ১৩ মার্চ মামলা নম্বর-১০ এবং জিআর-৪৩/২৬ নম্বরে মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় ইয়াছমিন বেগম ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মামলায় আরও কেউ জড়িত কি না, তাদের শনাক্ত করা এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনা ও তত্ত্বাবধানে দৌলতখান থানা পুলিশ মামলাটির তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
