সর্বশেষঃ

দৌলতখানে ১,৫১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ

ভোলার দৌলতখানে একটি কারখানা ও একটি গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১ হাজার ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত তিনটার দিকে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইজ ভোলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে প্রায় ১৩ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এ সময় মোঃ শাহাবুদ্দীন (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে দৌলতখানের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার পর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা পলিথিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সালমান বিন শওকত বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।