২৫ বছরের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য, পাঁচ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
ভোলা সরকারি কলেজে দুই বছরে জিপিএ-৫ কমেছে ৭১ শতাংশ

মোঃ সুজন হোসেন || ভোলা সরকারি কলেজে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক স্থিতিশীল থাকলেও কমছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ২০২৪ সালে কলেজটি থেকে ১২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও ২০২৬ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫ জনে। দুই বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ দশমিক ৫ শতাংশ।
কলেজটির ২০২৩ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে কলেজটি থেকে ৫৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন, জিপিএ-৫ পান ১০০ জন। ২০২৪ সালে ৫৩৯ জন উত্তীর্ণের মধ্যে জিপিএ-৫ পান ১২৩ জন। তবে ২০২৫ সালে ৬৬৩ জন উত্তীর্ণ হলেও জিপিএ-৫ পান ৫৩ জন। ২০২৬ সালে ৬৪০ জন উত্তীর্ণের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩৫ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা খুব বেশি পরিবর্তন না হলেও সর্বোচ্চ জিপিএ অর্জনকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভর্তির সময় ভালো ফল করা শিক্ষার্থীরা কলেজে পড়াশোনার পরও প্রত্যাশিত ফল করতে পারছেন না কেন, তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে।
শিক্ষার মানোন্নয়নে পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের প্রস্তুতি ও বিষয়ভিত্তিক ফলাফল পর্যালোচনার পাশাপাশি নিয়মিত একাডেমিক তদারকি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
