সর্বশেষঃ

বিএনপির কাছে সবাই নিরাপদ, তবে অন্যায়কারী কেউই ছাড় পাবে না : এমপি নয়ন

মনপুরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ

আব্দুর রহমান সোয়েব/সজীব মোল্লা, মনপুরা ॥

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি-এমন সব নাগরিকের জন্যই বিএনপি নিরাপদ আশ্রয়স্থল। তবে যারা অপরাধ করবে, অন্যায় করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা ও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, দলের মধ্যে কেউ অন্যায় করলে, সে ছোট নেতা হোক কিংবা বড় নেতা-কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করছেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সরকারের এসব লক্ষ্য বাস্তবায়নে যুবদল সহযোগী শক্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে যুবদল।
নুরুল ইসলাম নয়ন বলেন, ২০২৪ শের ৫ আগস্টের পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে শোকজ, কাউকে বহিষ্কার এবং কোথাও কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। সবাইকে অপরাধের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও সমর্থনের বিষয়টি তুলে ধরে এমপি নয়ন বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীর বাইরে অন্য কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এর আগে সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের পাকা সড়কের উদ্বোধন করেন। এ সময় তিনি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।
মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্যসচিব শাহেদুল ইসলাম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।