সর্বশেষঃ

শ্রেষ্ঠ যুব সংগঠক অ্যাওয়ার্ড পেলেন ভোলার ছেলে শাফায়াত হোসেন সিয়াম

জাতীয় পর্যায়ে তরুণ নেতৃত্ব তৈরি, নিঃস্বার্থ স্বেচ্ছাসেবা, মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ যুব সংগঠক অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ভোলার কৃতী সন্তান মো. শাফায়াত হোসেন (সিয়াম)।

তরুণদের সংগঠিত করা, নেতৃত্বের বিকাশ ঘটানো এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাঁর ধারাবাহিক উদ্যোগ ও ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরা শুভসংঘের প্রধান কার্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন মো. শাফায়াত হোসেন (সিয়াম) এর হাতে ‘শ্রেষ্ঠ যুব সংগঠক অ্যাওয়ার্ড’ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।

শ্রেষ্ঠ যুব সংগঠক অ্যাওয়ার্ড প্রাপ্ত মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক সচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তরুণদের স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করা, সামাজিক সমস্যা মোকাবিলায় যুবসমাজকে সম্পৃক্ত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন।

তাঁর নেতৃত্বে তার টিমের সদস্যরা যুব নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা, সামাজিক সচেতনতা ও টেকসই উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভোলার সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি অর্জন করায় জেলার বিভিন্ন মহল ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ অর্জন ভবিষ্যতে তাঁর সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে।

মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। আমি মনে করি, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবা, মানবিক কর্মকাণ্ড এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের সবার প্রতি সম্মান। মানুষের জন্য কাজ করার মধ্যেই প্রকৃত সার্থকতা।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, তরুণদের সৃজনশীলতা, উদ্যম ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও বেশি দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী এবং সকল স্বেচ্ছাসেবকের প্রতি, যাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণা আমার পথচলাকে এগিয়ে নিতে সহায়তা করেছে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।