বেতুয়া মাজঘাটে প্রকৃত জেলেদের জেলে কার্ড না পাওয়ার অভিযোগ

বেতুয়া মাজঘাটে প্রকৃত জেলেদের জেলে কার্ড না পাওয়ার অভিযোগ
ভোলার বেতুয়া মাজঘাট এলাকায় প্রকৃত জেলেরা জেলে কার্ড না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও অনেক প্রকৃত জেলে এখনো সরকারি জেলে কার্ডের সুবিধা থেকে বঞ্চিত।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলে কার্ড না থাকায় তাঁরা সরকারি বিভিন্ন সহায়তা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃত জেলে হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্য অনেকেই কার্ড পাননি বলে দাবি তাঁদের।
বেতুয়া মাজঘাটের জেলে হাসান মাঝি ও রুবেল জানান, তাঁরা দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। এরপরও জেলে কার্ড না পাওয়ায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতে হচ্ছে তাঁদের। প্রকৃত জেলেদের যাচাই-বাছাই করে দ্রুত কার্ড দেওয়ার দাবি জানান তাঁরা।
জেলেদের দাবি, প্রকৃত জেলেদের তালিকা যাচাই করে হালনাগাদ করা হলে কার্ড পাওয়ার ক্ষেত্রে বঞ্চিতদের সমস্যা দূর হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত্য কুমার অপু বলেন, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলে কার্ড হালনাগাদের জন্য ইউনিয়ন ও পৌরসভায় চিঠি পাঠানো হয়েছে। পুরোনো তালিকা যাচাইয়ের পাশাপাশি নতুন যারা জেলে হয়েছেন, তাঁদেরও তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে। কোনো প্রতারকের হাতে না পড়তে জেলেদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বচ্ছভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় জেলেরা দ্রুত যাচাই-বাছাই সম্পন্ন করে যোগ্য ও প্রকৃত জেলেদের জেলে কার্ড দেওয়ার দাবি জানিয়েছেন।
