বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য মোহাম্মদ বেলাল হোসেন রাতুল ও তার স্ত্রী লামিয়া আক্তারকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নগরীর বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার রাতুল বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য। তিনি ও তার স্ত্রীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।
জানা গেছে, এ অভিযান পরিচালনা করেন পরিদর্শক লুৎফর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই নাহিদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আরিফুর রহমান, এএসআই জিয়াউর রহমান ও এএসআই মাহফুজুর রহমান। অভিযানে ওই দম্পতির কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার রাতুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের মোনসেফ আলী হাওলাদারের ছেলে।
পরিদর্শক লুৎফর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
