সর্বশেষঃ

ভোলায় শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঐতিহ্যবাহী শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নবম শ্রেণিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণির দল।

সোমবার (১০ আগস্ট) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত একমাত্র গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে দশম শ্রেণির শিক্ষার্থীরা।

এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন উত্তর দিঘলদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ্জাকুল হায়দার মিলন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল কুমার সরকার, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের মোট চারটি দল অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে নবম ও দশম শ্রেণির দল ফাইনালে ওঠে। শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা, দলীয় চেতনা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।