সর্বশেষঃ

পাহাড়ি রাস্তায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ভোলার জামির

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বগালেক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলেন রোকাইয়া আক্তার রূপা (৩০) ও জামির উদ্দিন (৩১)। রোকাইয়া আক্তার রূপার পিতা চুন্নু গাজী ও মাতা রেজিয়া বেগম। তাদের বাসা ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ এলাকার হোসেন উদ্দিন খান ২য় লেনে। অপরদিকে জামির উদ্দিনের পিতা জাহির উদ্দিন। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট এলাকায়।

স্থানীয় ট্যুরিস্ট গাইডদের ভাষ্যমতে, ঘটনাস্থলে থাকা দুই গাইডের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোকাইয়া ও জামির নিজেরাই একটি ঝরনার দিকে যাওয়ার চেষ্টা করেন। দুর্গম ও নির্জন এলাকা হওয়ায় এবং সন্ধ্যা ঘনিয়ে আসায় তাদের সঙ্গে পরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা ফিরে না আসায় বিষয়টি স্থানীয় গাইড কমিটিকে জানানো হয়। পরে গাইড কমিটি ও স্থানীয়দের যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুমা থানা পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আগামীকাল আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।