টানা বর্ষণে পানিবন্দী ভোলার হাজারো মানুষ, তলিয়েছে সড়ক ও ফসলের মাঠ
দৌলতখানের কৃতি সন্তান কর্নেল ফরিদ উদ্দিনকে ব্রিগেডিয়ার জেনারেল পদোন্নতি

স্টাফ রিপোর্টার :
বিগত সময়ে পদোন্নতিতে বঞ্চিত হওয়া সামরিক কর্মকর্তাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল মো. ফরিদ উদ্দিন, পিএসসি-কে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করেছে সরকার। গত ১ জুলাই প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে বিএ-২৭৪৮ কর্নেল মো. ফরিদ উদ্দিন, পিএসসি, জি (অব.)-কে তাঁর বয়সসীমা শেষে ১৪ মে ২০১৮ তারিখ থেকে কার্যকর (ভূতাপেক্ষ) ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দিয়ে স্বাভাবিক অবসর প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ভূতাপেক্ষ পদোন্নতির ফলে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদের বিপরীতে প্রাপ্য বকেয়া বেতন, ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি ও পেশাগত মূল্যায়নে বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ থাকা সামরিক কর্মকর্তাদের বিষয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে বর্তমান সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
এ বিষয়ে একই দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করে। এতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে রাজনৈতিক বৈষম্য ও প্রতিহিংসার শিকার হয়েছেন বলে চিহ্নিত তিন বাহিনীর ১৫০ জন কর্মকর্তার একটি তালিকা প্রকাশ করা হয়।
এদিকে, ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি পাওয়ায় ভোলার দৌলতখানের কৃতী সন্তান মো. ফরিদ উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন তাঁর নিজ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, বিশিষ্টজন এবং নানা শ্রেণি-পেশার মানুষ। তারা সরকারের এ সিদ্ধান্তকে বঞ্চিত কর্মকর্তাদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।
