মিয়ানমারে পাচারকালে ভোলায় সিমেন্ট-সারবোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মিয়ানমারে (বার্মা) পাচারের সময় সিমেন্ট, সার ও অন্যান্য মালামাল-বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ দল। এসময় এক পাচারকারীকে আটক করা হলেও ট্রলারের মালিকসহ অন্যরা পালিয়ে যায়।

আজ (রোববার, ৫ জুলাই) দুপুরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে ট্রলারের দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালায়। অভিযানের সময় মিয়ানমারে পাচারের উদ্দেশে প্রস্তুত থাকা একটি ট্রলার থেকে মো. জুয়েল (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরের ছেলে।

পুলিশ জানায়, ট্রলারটির মালিক ইদ্রিস মাঝি ও রিয়াজ পালিয়ে যান। জব্দ করা ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, চার বস্তা সার, প্রায় ৪০০ লিটার ডিজেল এবং কিছু চাউল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল রোববার হাজিরহাট ঘাটে খালাস করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ‘পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় ট্রলারসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।