সর্বশেষঃ

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতু ও গ্যাস সরবরাহের দাবিতে সমন্বিত উদ্যোগ

বরিশাল প্রতিনিধি

ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণ, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বরিশাল অঞ্চলের ১৮ জন সংসদ সদস্যকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরোয়ার বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এ বিষয়ে জাতীয় সংসদেও কথা বলেছেন বলে জানান তিনি।

তার ভাষ্য, বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহের দাবি সামনে রেখে বরিশাল অঞ্চলের বিএনপির ১৮ জন সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হচ্ছে এবং এসব দাবি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ টেনে সরোয়ার বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ এ অঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজায় ২১ জেলার মানুষকে নিয়ে আন্দোলন হয়েছিল।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের বড় বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ আওয়ামী লীগ নিয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উল্লেখ করেছেন।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে বরিশাল-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, বর্তমানে দেশের কোনো কলেজে ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ না থাকলে নতুন নেতৃত্ব তৈরি বাধাগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা বাস্তবায়িত হয়নি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সরোয়ার দাবি করেন, দলটি বর্তমানে পাঁচ থেকে ১০ হাজার মানুষও একত্র করতে সক্ষম হবে না।

মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যে-ই রাজনীতি করুক না কেন, তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করলেও স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে বলেও তিনি মন্তব্য করেন।

দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সরোয়ার বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।