ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থের ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে
ছেলের বিয়ের জন্য আর মেয়ে দেখা হলো না মায়ের

আব্দুর রহমান সোয়েব, মনপুরা প্রতিনিধি :
ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভোলার মনপুরা উপজেলায়।
রোববার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বার হালট সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা সিরাজের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ছেলের বিয়ের জন্য সম্ভাব্য পাত্রী দেখতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মনোয়ারা বেগম। পথে দুর্ঘটনাবশত তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মোঃ মঞ্জুর মোরশেদ জানান, হাসপাতালে আনার আগেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
সোমবার (২৯ জুন) সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মনোয়ারা বেগমকে দাফন করা হয়।
ছেলের নতুন জীবনের স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হলেও আর জীবিত ফিরে আসেননি তিনি। আনন্দের সেই যাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকাবহ ঘটনায়, যা পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
