১২ দফা দাবিতে ভোলায় ওজোপাডিকো শ্রমিকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
পাঁচ লক্ষাধিক মানুষের জন্য চিকিৎসক মাত্র ১৬ জন, সংকটে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ভোলার চরফ্যাশন উপজেলায় পাঁচ লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন মাত্র ১৬ জন মেডিকেল অফিসার। রোগীর তুলনায় চিকিৎসক, বিশেষজ্ঞ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে ১০০ শয্যার ভবনে পরিচালিত হলেও সরকারি অনুমোদন রয়েছে মাত্র ৫০ শয্যার। প্রতিদিন বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ জনের বেশি রোগী চিকিৎসাসেবা নেন। এছাড়া নিয়মিত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি থাকেন। ২৪ ঘণ্টা খোলা জরুরি বিভাগেও প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। শুধু চরফ্যাশন নয়, পাশের দ্বীপ উপজেলা মনপুরা থেকেও অসংখ্য রোগী এ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন।
হাসপাতালে ভর্তি এক শিশুর বাবা সবুজ খান বলেন, তাঁর চার মাস বয়সী সন্তান হামে আক্রান্ত হয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বিশেষজ্ঞের পরামর্শ পাওয়া যাচ্ছে না। হাসপাতালের টয়লেট ও বিশুদ্ধ পানির সংকটও রয়েছে। সন্তানের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা ভাবছেন বলে জানান তিনি।
প্যাথলজি বিভাগ সূত্রে জানা যায়, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির অভাবে অনেক পরীক্ষা হাসপাতালের বাইরে করতে হচ্ছে। এতে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিভাগটিতে সেল কাউন্টার (ব্লাড কাউন্ট) মেশিন, ল্যাব রোটেটর, আধুনিক মাইক্রোস্কোপ, রেফ্রিজারেটর, সেন্ট্রিফিউজ মেশিন এবং বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। ফলে অনেক পরীক্ষা এখনো পুরোনো মাইক্রোস্কোপিক পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাকলুকুর রহমান বলেন, ৫০ শয্যার হাসপাতালের জন্য ৪২ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৬ জন। এছাড়া ১০ জন কনসালট্যান্ট থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র দুজন—অ্যানেসথেসিয়া ও অর্থোপেডিক বিভাগের। জনবল সংকটের কারণে রোগীদের প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, জনবল সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকেরা সাধ্যমতো নিরলসভাবে জনগণের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।
এদিকে চিকিৎসাসেবা প্রত্যাশীরা চরফ্যাশনের বিশাল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে দ্রুত পর্যাপ্ত চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, জনবল ও অবকাঠামোগত সংকট দ্রুত দূর করা না হলে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
