মনপুরায় স্লুইস গেটের পানিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

স্টাফ রিপোর্টার ॥
ভোলার মনপুরায় খাল সংলগ্ন একটি স্লুইস গেটে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাহিন (১০) নামে নুরানি মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝের ঘাট এলাকার বেইজ্জার খাল সংলগ্ন স্লুইস গেটের পানিতে তলিয়ে যাওয়ার পর আজ (১৮ জুন) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্র জানায়, কয়েকজন বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে নেমেছিল মাহিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ মাহিন স্থানীয় মাঝের ঘাট নুরানি মাদ্রাসার তৃতীয় জামায়াতের ছাত্র। সে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে। খবর পেয়ে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েছে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।
মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রবিউল ইসলাম বিকেলে বলেন, সংবাদ পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। যেহেতু আমাদের কোন ডুবুরি দল নেই, তাই কোষ্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। ভোলা থেকে কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত উদ্ধার অভিযান জোরদার করে শিশুটিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
