চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ ॥ আটক-৩

চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে মায়া নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৬টি অবৈধ ট্রলিং বোটের জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধ মৎস্য আহরণের অভিযোগে ৩ জন জেলেকে আটক করা হয়। রবিবার (১৪ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল।
কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন মায়া নদীর সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং বোটের জাল এবং আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে তিনজন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন-মো. জামাল (৪০), আবুল কালাম (৪০) ও মো. সিরাজ (৬০)। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাটসহ বিভিন্ন গ্রামে।
কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
