সর্বশেষঃ

ভোলায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি ও উপজেলা পরিষদের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি ও উপজেলা পরিষদের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা সদর। সভায় সহযোগিতা করে স্পেস টু লিড প্রজেক্ট ও এসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)।
সভায় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পশ্চিম ইলিশা ইউনিয়নের প্রশাসক মাহে আলম এবং আভাসের প্রজেক্ট অফিসার মো. আবসার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
সভায় বাল্যবিবাহের কুফল, আইনগত দিক, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচারণা এবং ঝুঁকিপূর্ণ কিশোরীদের সুরক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। এ সমস্যা মোকাবিলায় পরিবার, সমাজ, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের বিভিন্ন হেল্পলাইন সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। যেকোনো ধরনের নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ বা জরুরি সহায়তার জন্য জাতীয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন ১০৯, শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।