এডিবির প্রতিনিধির আবাসন প্রকল্প পরিদর্শন, পিকেএসএফ ও জিজেইউএসের কার্যক্রমের প্রশংসা
এডিবির প্রতিনিধির আবাসন প্রকল্প পরিদর্শন, পিকেএসএফ ও জিজেইউএসের কার্যক্রমের প্রশংসা

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রস্তাবিত আবাসন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে ভোলায় বাস্তবায়নাধীন বিভিন্ন আবাসন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন এডিবির প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট প্রকৌশলী শিশির কুমার শীল।
শনিবার (৬ জুন) তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সম্ভাব্য আবাসন প্রকল্পের প্রাথমিক মূল্যায়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এলআইসিএইচএসপি (LICHSP) প্রকল্প এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নিজস্ব অর্থায়নে পরিচালিত ‘আবাসন’ প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন ধরনের ভবন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি নতুন গৃহ নির্মাণ, গৃহ সংস্কার, গৃহ সম্প্রসারণসহ প্রকল্পের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত হন। এছাড়া গৃহঋণ চলমান অবস্থায় কোনো সদস্যের মৃত্যু হলে সংশ্লিষ্ট ঋণ মওকুফের বিষয়টিও সরেজমিনে যাচাই করেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
এ সময় প্রকৌশলী শিশির কুমার শীল প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি গ্রামীণ জনগোষ্ঠীর আবাসন নিরাপত্তা নিশ্চিতকরণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগ ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ২০১৮ সাল থেকে ভোলা জেলার ১০টি শাখার মাধ্যমে এলআইসিএইচএসপি ও আবাসন প্রকল্পের কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব প্রকল্পের মাধ্যমে নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সুবিধা উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
পরিদর্শনকালে জিজেইউএসের অতিরিক্ত পরিচালক মো. জাহিদুর রহমানের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিনিধিদলকে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
