ভোলা থেকে বিসিবির পথে মুনতাসির, লক্ষ্য তৃণমূল ক্রিকেটের বিকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালক নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে অধিকাংশ বিভাগেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকলেও ব্যতিক্রম বরিশাল বিভাগ। এ বিভাগে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোলার ক্রীড়া সংগঠক মুনতাসির আলম রবিন চৌধুরী এবং বিপিএলের দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান।
নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুনতাসির আলম রবিন চৌধুরী বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তিনি বরিশাল বিভাগের তৃণমূল ক্রিকেটের উন্নয়নকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক মুনতাসির জানান, নব্বইয়ের দশক থেকে তিনি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত। ভোলা জেলা দলের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করার পর তিনি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক ও স্কুল ক্রিকেট কার্যক্রম ভোলায় চালুর ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করেন।
তিনি বলেন, “বয়সভিত্তিক ক্রিকেট ও গেম ডেভেলপমেন্ট কার্যক্রমের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছি। জেলা পর্যায়ে ক্রিকেটের বিকাশে দীর্ঘদিন কাজ করেছি। ক্রিকেটকে আরও বিস্তৃত করতে হলে তৃণমূল পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে।”
বরিশাল বিভাগের ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মাঠ ও অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরেন। তাঁর মতে, জেলা ক্রীড়া সংস্থাগুলোর অধীনে ক্রিকেটের জন্য পৃথক মাঠ ও স্টেডিয়াম গড়ে তোলা জরুরি।
রবিন চৌধুরী বলেন, “আমার প্রথম দাবি থাকবে ক্রিকেটের জন্য আলাদা মাঠ নিশ্চিত করা। পাশাপাশি খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ-সুবিধা বাড়াতে হবে এবং নিয়মিত লিগ আয়োজন করতে হবে। বরিশাল বিভাগের ছয়টি জেলায় বছরে অন্তত দুটি করে লিগ আয়োজন নিশ্চিত করা প্রয়োজন।”
নির্বাচনী প্রচারণায় কোনো বাধা বা নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হননি বলেও জানান তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সম্মান প্রদর্শন করে তিনি বলেন, নির্বাচনটি প্রতিযোগিতামূলক হলেও সবার জন্য সমান সুযোগ রয়েছে।
ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে রবিন চৌধুরী বলেন, বিপিএল অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তবে দেশের ক্রিকেটের প্রকৃত উন্নয়ন নির্ভর করে মফস্বল ও তৃণমূল পর্যায়ের ক্রিকেটের ওপর। তাঁর ভাষায়, জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই উঠে আসেন জেলা ও উপজেলা পর্যায় থেকে।
তিনি বলেন, “মোস্তাফিজুর রহমানের মতো প্রতিভাবান ক্রিকেটাররা মফস্বল থেকেই উঠে এসেছেন। তাই ক্রিকেটের গোড়াকে শক্তিশালী করতে হবে। শুধু শীর্ষ পর্যায়ে বিনিয়োগ করলেই হবে না।”
নির্বাচিত হলে বরিশাল বিভাগের ক্রিকেটের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে রবিন চৌধুরী বলেন, জেলা লিগগুলো নিয়মিত আয়োজন, ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন, বিকল্প মাঠ নিশ্চিতকরণ এবং বয়সভিত্তিক দলগুলোর মানোন্নয়নে কাজ করবেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে বরিশাল বিভাগ থেকে আরও বেশি সংখ্যক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিতে সক্ষম হবে।
