ইট বসানোর পরদিনই দেবে যাচ্ছে রাস্তা

লালমোহন-হরিগঞ্জ সড়কে নিম্নমানের কাজের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
ভোলার লালমোহন-হরিগঞ্জ সড়কে চলমান রাস্তা সম্প্রসারণ কাজে গুরুতর অনিয়ম ও নিম্নমানের নির্মাণের অভিযোগ উঠেছে। সড়কের দুই পাশে উন্নয়ন কাজের অংশ হিসেবে পিচ ঢালাইয়ের পরিবর্তে পুরনো পদ্ধতিতে ইট বসিয়ে হেরিং বন্ড করা হলেও, কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, ব্যবহৃত ইটের মান অত্যন্ত নিম্নমানের এবং যথাযথ বেডিং (বালু/সাববেস) ও কম্প্যাকশন ছাড়া তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করা হচ্ছে। ফলে ইট বসানোর পরদিনই ভারী যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন অংশ দেবে যাচ্ছে। লালমোহন মহিলা কলেজের সামনে সদ্য নির্মিত অংশে ট্রাক চলাচলের কারণে একদিনের মধ্যেই রাস্তা বসে যাওয়ার ঘটনা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান তারা।
এলাকাবাসীর প্রশ্ন, টেকসই উন্নয়নের পরিবর্তে এভাবে নিম্নমানের কাজ করে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে কিনা। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ, কাজের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, সঠিক তদারকি ও মানসম্মত কাজ নিশ্চিত না হলে এই ধরনের উন্নয়ন প্রকল্প জনদুর্ভোগ কমানোর বদলে উল্টো ঝুঁকি বাড়াবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি এখন সময়ের দাবি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।