তরুণীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

ভোলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সাকিব (২৬), বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. রায়হান (২৬) এবং একই ইউনিয়নের বাসিন্দা মো. সবুজ (২৬)।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৮ বছর বয়সী এক তরুণী। তিনি গত রোববার (১ জুন) ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর স্বামী বর্তমানে একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। সেই সূত্রে স্বামীর পূর্বপরিচিত সাকিবের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ৩১ মে সন্ধ্যায় সাকিব ভোলা শহরের নতুন বাজার এলাকা থেকে ওই তরুণীকে একটি অটোরিকশায় করে বাপ্তা ইউনিয়নের পাইলট গ্রামে নিয়ে যান। সেখানে একটি ঘেরসংলগ্ন বাগানে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সাকিব, রায়হান, সবুজ ও আরও এক ব্যক্তি রাতভর পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরদিন ভোরে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ও বুধবার তিনজনকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি এখনও পলাতক রয়েছেন।
ভোলা সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্তসহ অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
