সর্বশেষঃ

দুই দশকের নীরবতা ভেঙ্গে ভোলার মার্শাল আর্টে সাফল্যের ঝলক

স্টাফ রিপোর্টার ॥
দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েই দারুণ সাফল্যের স্বাক্ষর রাখল ভোলা জেলা মার্শাল আর্ট টিম। নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজিত বরিশাল বিভাগীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় ৭টি পদক অর্জনের মধ্য দিয়ে ভোলার ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা ও আশাবাদ। মঙ্গলবার (১৯ মে) বরিশালের জীবননাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ভোলা জেলা দল কারাতে, জুডো, উশু ও তাইকোয়ানডো—এই চারটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করে। মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে অংশ নিয়েও দলটি ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে সবার নজর কাড়ে।
বরিশাল বিভাগের ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। তবে আত্মবিশ্বাসী লড়াই, শৃঙ্খলাপূর্ণ কৌশল ও অসাধারণ নৈপুণ্যে ভোলার খেলোয়াড়রা নিজেদের আলাদা করে তুলে ধরে। দর্শক ও বিচারকমণ্ডলীর প্রশংসায় ভাসেন জেলার ক্ষুদে মার্শাল আর্টাররা।
ভোলা জেলা দলের সঙ্গে ছিলেন কোচ আব্দুর রহমান হেলাল ও মোঃ মহিউদ্দিন, সহকারী কোচ মোঃ আব্দুল মোমেন এবং টিম ম্যানেজার মাকছুদুর রহমান পিন্টু। সংশ্লিষ্টদের মতে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ধারাবাহিক প্রশিক্ষণ ও নিবিড় পরিচর্যার ফলেই এসেছে এই সাফল্য।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের অভিজ্ঞ রেফারি ও জাজ লোকমান হাওলাদার, আরিফুল ইসলাম আশিক, সালাউদ্দিন ভূঁইয়া, মোঃ নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, রিয়াজ আহমেদ কবির ও সুরাইয়া ইয়াসমিন। জুডো ইভেন্টের প্রধান বিচারক ছিলেন মোঃ শামসুর আলম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘদিন পর ভোলার মার্শাল আর্টে এমন সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, সঠিক পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের সুযোগ পেলে ভোলার খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।
কোচ আব্দুর রহমান হেলাল ও মোঃ মহিউদ্দিন বলেন, খেলোয়াড়দের পরিশ্রম ও আত্মবিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। সীমিত সুযোগের মধ্যেও তারা যেভাবে লড়াই করেছে, তা সত্যিই প্রশংসনীয়। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসারের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা বিশ্বাস করি, ধারাবাহিক প্রশিক্ষণ অব্যাহত থাকলে ভোলার মার্শাল আর্ট আরও বড় জায়গায় পৌঁছাবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।